লা লিগার উপর ক্ষোভ ঝাড়লেন বার্সা কোচ ফ্লিক

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:০৪ পিএম

বার্সেলোনা-ওসাসুনা লা লিগার স্থগিত হওয়া ম্যাচটির নতুন সূচি ঠিক হওয়ার পর থেকেই চলছে আলোচনা। এর বিপক্ষে বার্সেলোনার আপিল খারিজ হয়ে যাওয়ার পর সমালোচনার মাত্রা আরও বেড়েছে।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ২ টায় হবে বার্সেলোনা-ওসাসুনা ম্যাচটি। এ ম্যাচটি হওয়ার কথা ছিল গেল ৮ মার্চ। তবে ম্যাচের কয়েক ঘন্টা আগে লে মারা যান কাতালান দলটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া। সেই কারণে স্থগিত হয়েছিল।

ওসাসুনার বিপক্ষে সেই ম্যাচের ৪৮ ঘণ্টারও কম সময়ের আগে শেষ হয়েছে আন্তর্জাতিক ফুটবল বিরতির শেষ ম্যাচটি।

রিকভারির যথেষ্ট সুযোগ না পাওয়ায় ওসাসুনার বিপক্ষে আসছে ম্যাচে রাফিনহাকে দলের বাইরে রাখতে বাধ্য হয়েছেন ফ্লিক। এ নিয়ে ফ্লিক বলেন, 'এ বিষয়ে নিজের মনোভাব নিয়ে কথা বলতে চাই না, আমার মনে হয় এটা ভালো নয়। খেলোয়াড়রা মাত্রই জাতীয় দলের হয়ে খেলে ফিরেছে, কিন্তু আমাদের এই ম্যাচ খেলতেই হবে।'

আগামী ২০ দিনের মধ্যে সাতটি ম্যাচ খেলতে হবে তার দলকে। ফ্লিক বলেন, '(ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার দ্বিতীয় লেগ এর আগে আগামী ১২ এপ্রিল) লেগানেসের বিপক্ষে রাত ৯ টায় (বাংলাদেশ সময় রাত ১টায়) ম্যাচ খেলার বিষয়টি নিয়েও আমরা কথা বলতে পারি। শুরুর সময়টা রাত ৯ টা, সেক্ষেত্রে আমাদের ফিরতে অনেক রাত হয়ে যায়। অন্যান্য ঘরোয়া লিগে চ্যাম্পিয়নস লিগের দলগুলোর ক্ষেত্রে এরকম হয় না।'

লা লিগার সমালোচনা করে ফ্লিক আরও বলেন, 'চ্যাম্পিয়নস লিগে খেললে তখন আর বিষয়টা রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা থাকে না, তখন গুরুত্বপূর্ণ হওয়া উচিত স্প্যানিশ ক্লাবগুলোকে সুরক্ষা দেওয়ার। তবে আমরা খেলব, কোনো অভিযোগ নেই। আমরা এসব মেনে নিয়েছি। এগুলা আসলে উয়েফা বা ফিফার দেখা উচিত। তারাই বলে আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর খেলোয়াড়দের তিন দিনের বিশ্রাম প্রয়োজন। কিন্তু লা লিগা বলে, আমাদের খেলতে হবে।'

২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সেলোনা। ওসাসুনাকে হারিয়ে ৩ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত