বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার হামলা চালানো অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার লাতাকিয়া প্রদেশের একটি অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকিয়া প্রদেশে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান আল-আবায়াদ বন্দর ও লাতাকিয়া শহরের আশপাশের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর আগে মঙ্গলবার দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের কোয়ায় ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
ইসরায়েলের এ আগ্রাসনের নিন্দা জানিয়ে একে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক আইন ভেঙে ইসরায়েলের এ আগ্রাসনকে খতিয়ে দেখতে আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানিয়েছে দামেস্ক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, সিরিয়া থেকে তাদের ওপর হামলা চালালে পাল্টা আক্রমণ করে তারা।