রোহিঙ্গাদের খাদ্য সহায়তা জনপ্রতি ১২ ডলারই থাকছে

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসে জনপ্রতি মাসিক ১২ ডলার বরাদ্দ দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। গতকাল বৃহস্পতিবার রাতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মাসিক ১২ ডলার ও ভাসানচরে অবস্থানরতদের জন্য ১৩ ডলার বরাদ্দ দেওয়া হচ্ছে। ডব্লিউএফপি এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তিনি বলেন, ‘ডব্লিউএফপি নিশ্চিত করেছে যে তহবিল সংকট সত্ত্বেও খাদ্য সহায়তা একই রকম থাকছে। এ সিদ্ধান্ত রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান ঠিক রাখতে সহায়তা করবে।’

এদিকে মার্চের শুরুতে ডব্লিউএফপি তহবিল সংকটের কথা উল্লেখ করে জরুরি নতুন তহবিল পাওয়া না গেলে রোহিঙ্গাদের মাসিক রেশন জনপ্রতি সাড়ে ১২ ডলার থেকে কমিয়ে ৬ ডলারে নামিয়ে আনার কথা জানিয়েছিল। রোহিঙ্গাদের পূর্ণ রেশন চালিয়ে যেতে এপ্রিলেই জরুরিভাবে দেড় কোটি ডলার এবং এ বছরের শেষ নাগাদ ৮ কোটি ১০ লাখ ডলার প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।

বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। মিয়ানমারে সামরিক অভিযান ও সহিংসতার মুখে তাদের বেশিরভাগই ২০১৭ সালে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়।