ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে, গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ২০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আজ শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অঞ্চলে আরও ৪০ জনের মৃত্যু হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। এদিকে, গাজার সরকারি মিডিয়া অফিসও ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ৭০০ জন ছাড়িয়েছে বলে জানিয়েছে। তারা আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে অনেক ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছেন। একই সময়ে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানায়, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় কোনো মানবিক সহায়তা প্রবাহিত হয়নি।
এদিকে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলার ফলে হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। আল জাজিরা আরবির সাংবাদিক এবং ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের প্রতিবেদনে জানা যায়, গাজা শহরের জেইতুন এলাকায় আওয়াদ পরিবারের বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের বোমা হামলায় তিনজন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।