জাতিসংঘে মার্কিন দূত

স্টেফানিককে দেওয়া মনোনয়ন প্রত্যাহার করলেন ট্রাম্প

জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিযুক্ত করতে এলিস স্টেফানিককে দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুযায়ী কাজ এগিয়ে নিতে প্রতিনিধি পরিষদে তাদের যে সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা আছে, তা ধরে রাখা জরুরি।

প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য এলিস স্টেফানিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। গত নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে স্টেফানিককে জাতিসংঘের দূত হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেন। স্টেফানিকের সে মনোনয়ন বাতিল হতে পারে বলে প্রথম সিবিএস নিউজ খবর প্রকাশ করেছিল।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কংগ্রেসে প্রতিটি রিপাবলিকান আসন ধরে রাখা আমাদের জন্য অপরিহার্য। সেখানে খুব বেশি সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আমি এলিসের আসনে অন্য কাউকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে চাই না।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের খুব সামান্য ব্যবধানের (২১৮-২১৩) সংখ্যাগরিষ্ঠতা আছে। চারটি আসন ফাঁকা। এমন অবস্থায় আসন ধরে রাখাকে জরুরি বলে মনে করছেন রিপাবলিকানরা।

ফক্স নিউজের হ্যানিটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে স্টেফানিক বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার কয়েক দফায় আলোচনা হয়েছে। জাতিসংঘের মার্কিন দূত হিসেবে স্টেফানিকের নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। গত ৩০ জানুয়ারি সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি তাকে জাতিসংঘের দূত হিসেবে অনুমোদন দেয়। তাকে কিছুসংখ্যক ডেমোক্র্যাট সদস্যও ভোট দিয়েছিলেন। পুরো সিনেট সহজেই তাকে অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছিল।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে নিয়োগ পাওয়া মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড গত জানুয়ারিতে পদত্যাগ করেন। এর পর থেকে মার্কিন কূটনীতিক ডরোথি শিয়া জাতিসংঘে ভারপ্রাপ্ত মার্কিন দূত হিসেবে কাজ করছেন। এখন স্টেফানিকের বদলে ট্রাম্প কাকে বেছে নেবেন, তা এখনো জানা যায়নি।