ঈদে ৮ দিন বাণিজ্য বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চার দেশের মধ্যে আমদানি-রপ্তানি ও সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বৈধ পাসপোর্ট ভিসাধারী সাধারণ যাত্রীরা এ সময় যাতায়াত করতে পারবেন।

স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন জানান, শনিবার (২৯মার্চ) সাপ্তাহিক সরকারি ছুটিসহ আগামী ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৮  দিন বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল রবিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। 

তিনি আরো জানান, কাস্টমস, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টদের আলোচনা সাপেক্ষে চার দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবেন।  

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। 

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধায় সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এবং জাতীয় রাজস্ব বোর্ডের দিক নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ আজ শনিবার (২৯ মার্চ) থেকে আগামী শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা ৮ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল (রবিবার) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।