পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত দিয়ে খায়রুদ্দিন আনসারি (২৯) নামে মানসিক ভারসাম্যহীন এক নেপালি নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার হতে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে দিয়ে বিজিবি-বিএসএফ, ফুলবাড়ী ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ নেপাল দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রত্যাবাসন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
প্রত্যাবাসনকারী খায়রুদ্দিন আনসারি নেপালের প্রদেশ ২ এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারির ছেলে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, খায়রুদ্দিন মানসিক ভারসাম্যহীন নাগরিক। গত ৫ বছর আগে তিনি কোন সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তা বলতে পারেননি। তবে ৫ বছর ধরেই বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এক ব্যক্তি তাকে পেয়ে নিজের তত্ত্বাবধানে রাখেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও বাংলাদেশে অবস্থানের বিস্তারিত তথ্য প্রচার করা হলে তার পরিচয় শনাক্ত হয়। এরপর নেপাল ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের দূতাবাস নেপালি নাগরিকের প্রয়োজনীয় ডকুমেন্ট ও আইনি প্রক্রিয়া সম্পন্নের করে তাকে নিজ দেশে ফেরার জন্য ট্রাভেল পাশ দেয়া হয়। পরে অন্যান্য আইনি পদক্ষেপ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ওই নেপালি নাগরিককে আজকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে, বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে ট্রাভেল পাশ দিলে আজকে ওই নেপালি নাগরিক দেশে ফেরেন।