সাভারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে তালা

সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করলে একজন নার্সকে আটক করেছে। তবে আগেই পুলিশ আসার খবর পেয়ে হাসপাতালটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যান কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্টাফরা।

আজ শনিবার সকালে সাভারের তালবাগ এলাকায় অবস্থিত সিটি ল্যাব হাসপাতালে এ রোগী মারা যাওয়ার ঘটনা ঘটে।

ভুল চিকিৎসায় মারা যাওয়া ওই রোগীর নাম হাফিজুর রহমান (৩৬)। তার বাড়ি মানিকগঞ্জ জেলায় এবং তিনি স্ত্রী-সন্তান নিয়ে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় শারমিন গ্রুপে অপারেটর হিসেবে কাজ করতেন।

নিহতের স্ত্রী মালা বেগম অভিযোগ করেন, শনিবার রাতে তার স্বামী মানিকগঞ্জ থেকে আশুলিয়া আসার পথে বাইশমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। এ সময় তার হাত ভেঙে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের তালবাগ এলাকার সিটি ল্যাব হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে থাকায় অবস্থায় তার পেট ব্যথা উঠলে সেখানকার নার্সরা তাকে পেট ব্যথার জন্য বেশ কয়েকটি ইনজেকশন পুশ করলে ভোররাতে তিনি মারা যান।

বিষয়টি পুলিশকে জানানো হলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাসিম বিল্লাহ ঘটনাস্থল থেকে সেবিকা সরকার নামের একজন নার্সকে আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর খবর পেয়ে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।