তরমুজের পিকআপ থেকে ৭৪ কেজি গাঁজা জব্দ

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে তরমুজবাহী একটি পিকআপ তল্লাশি করে ৭৪ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৯ মার্চ) ভোরে মহাসড়কের মহিপাল এলাকায় তল্লাশি চালিয়ে এ মাদক জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মহিপাল এলাকায় সন্দেহজনক পরিবহনে তল্লাশি চালায় র‍্যাব সদস্যরা। এ সময় চট্টগ্রামুখী লেনে একটি পিকআপ তল্লাশি করে তরমুজের নিচে বিশেষ পদ্ধতিতে লুকানো অবস্থা থেকে ৭৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপের চালকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আটকরা হচ্ছেন- বরগুনা জেলার কালিরতবক গ্রামের মো. তাজেম খান (৩৯) ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্যামিরখিল গ্রামের মাইনুল ইসলাম সামিন (২০)। 

ফেনীস্থ র‍্যাব-৭ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম জানান, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত