ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা মনে করেন, তার দল ক্লাব বিশ্বকাপ জিতলেও কোনো বোনাস পাওয়ার যোগ্য নয়।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৩২ দলের এই প্রতিযোগিতার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পারফরম্যান্স-ভিত্তিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে বিশাল অঙ্কের প্রাইজমানি—৯৭ মিলিয়ন পাউন্ড।
ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে ম্যানসিটি, চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও পিএসজির মতো জায়ান্টরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তবে ট্রফি জিতলেও ম্যানসিটি খেলোয়াড় ও কোচিং স্টাফদের কোনো অতিরিক্ত বোনাস পাওয়া উচিত নয় বলে মনে করেন গার্দিওলা।
গার্দিওলা বলেন, 'আমরা এই মৌসুমে বোনাস পাওয়ার মতো কিছু করিনি। যদি জিতিও, পুরস্কারটা ক্লাবের। কোচ, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ—আমরা কেউই বোনাসের যোগ্য নই, এমনকি একটা ঘড়িরও না।'
চলতি মৌসুমে ম্যানসিটি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পৌঁছাতেও ব্যর্থ হয়েছে, যা ২০১৩ সালের পর প্রথমবার ঘটল। প্রিমিয়ার লিগেও দল রয়েছে পঞ্চম স্থানে, শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার লড়াইয়ে আছে তারা।
সিটি তাদের ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৮ জুন, ফিলাডেলফিয়ায় মরক্কোর ক্লাব উইদাদের বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আবুধাবির আল আইন ও ইতালির জুভেন্তাস।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগ জুনের শুরুতে একটি সংক্ষিপ্ত ট্রান্সফার উইন্ডো চালু রাখবে, যেখানে প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো তাদের স্কোয়াড শক্তিশালী করার সুযোগ পাবে।
এতে কেভিন ডি ব্রুইনা ও ইলকায় গুন্দোগানের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। দুজনেরই চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন। তবে ফিফা স্বল্পমেয়াদী চুক্তি নবায়নের সুযোগ দিয়েছে।
ডি ব্রুইনার ভবিষ্যৎ প্রসঙ্গে গার্দিওলা বলেন, 'এটা ক্লাব ও কেভিনের ব্যাপার। আমি অবশ্যই তাকে দলে চাই, তবে আপাতত মৌসুমের বাকি সময় নিয়েই ভাবছি।'