সাংবাদিকদের ওপর হামলা: বরিশালে ছাত্রদল নেতা গ্রেপ্তার 

বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার মামলায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আলমাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে নগরীর বান্দ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘তিনি মামলার দুই নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় স্থানীয় পত্রিকার দুই সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাদের মারধর করে।  

এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা, দুটি মোবাইল ফোন ভাঙচুর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি আদালতের প্রধান গেটের সামনেই একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। 

ঘটনার পরই বরিশাল রিপোর্টার্স ইউনিটির খালিদ সাইফুল্লাহ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়।  

ওসি মিজানুর রহমান বলেন, ‘২৭ মার্চের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত আলমাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

সাংবাদিকদের ওপর হামলা এবং তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর বিএনপি, জেলা বিএনপি (দক্ষিণ), বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন।