ইংল্যান্ডের রাস্তায় ছড়ানো সংবেদনশীল সামরিক নথি

ইংল্যান্ডের নিউক্যাসলের একটি শহরের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা নথিতে সংবেদনশীল সামরিক তথ্য পাওয়া গেছে। নিউক্যাসলের স্কটসউড এলাকায় গত ১৬ মার্চ এক ফুটবলভক্ত কালো প্লাস্টিকের ব্যাগ থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব নথি খুঁজে পান। নথিলোতে সেনাদের পদমর্যাদা, ইমেইল, শিফটের সময়সূচি ও অস্ত্র বিতরণের তথ্য রয়েছে। কিছু নথি অস্ত্রাগারে প্রবেশাধিকার ও অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানিয়েছে, তারা বিষয়টি ‘জরুরি ভিত্তিতে’ খতিয়ে দেখছে এবং অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে। ডাউনিং স্ট্রিট বলেছে, সেনাবাহিনীর তদন্ত চলাকালে তারা ‘নির্দিষ্ট বিষয়ে’ মন্তব্য করতে পারবে না। তবে এক মুখপাত্র জানান, ‘তথ্য ফাঁসের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ নথিগুলো ব্রিটিশ সেনাবাহিনীর রেজিমেন্ট ও ক্যাটারিক গ্যারিসনের ব্যারাকের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। তথ্য নিরাপত্তাবিশ্লেষক গ্যারি হিববার্ডের মতে, এতে উল্লিখিত ব্যক্তিরা ‘গুরুতর’ হুমকির মুখে পড়তে পারেন। এক নথির শিরোনাম ছিল ‘আর্মারি কী এবং হোল্ড আইডিএস কোড’, যা বিবিসির তথ্য অনুযায়ী অস্ত্রাগারে প্রবেশাধিকার ও অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। অন্য এক নথির ফুটনোটে লেখা ছিল ‘অফিশিয়াল সংবেদনশীল’, যা সরকারি নির্দেশিকা অনুযায়ী, ফাঁস হলে ‘জীবনের জন্য হুমকি’ তৈরি করতে পারে। পরিত্যক্ত নথিগুলোর মধ্যে সাধারণ চিকিৎসা পরামর্শ, সামরিক উপকরণের অর্ডার তালিকা, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (আইডি) ও ইমেইল ঠিকানার মতো তথ্যও অন্তর্ভুক্ত ছিল। গেটসহেডের মাইক গিববার্ড গাড়ি পার্ক করার সময় এসব নথি খুঁজে পান। তিনি বলেন, ‘নিচে তাকিয়ে কাগজের টুকরোয় নাম ও নম্বর দেখতে পেলাম এবং ভাবলাম, এগুলো কী?’ তিনি আরও বলেন, ‘রাস্তার অন্য পাশে আরও অনেক নথি ছিল, যা কোনো ব্যাগে রাখা হয়নি।’ সরকারি নির্দেশিকা অনুযায়ী, এ ধরনের নথি ভুল ব্যক্তির হাতে পড়লে যুক্তরাজ্য বা মিত্রবাহিনীর সামরিক কার্যক্রমে ‘মাঝারি মেয়াদে স্বল্পমেয়াদি ক্ষতি’ হতে পারে। তবে কিছু ক্ষেত্রে আরও সংবেদনশীল তথ্য ফাঁস হলে তা ‘জীবনের জন্য হুমকি’ হতে পারে।