যাত্রাপথে বমি বিড়ম্বনা

যাত্রাপথে অনেকেরই গাড়িতে বা বাসে ভ্রমণ করলে বমি বা বমির ভাব হয়, মাথা ঘোরে বা মাথা ব্যথা করে। এ কারণে ভ্রমণের আনন্দটি মাটি হয়ে যায়। এই বিরক্তিকর সমস্যার জন্য অনেকে গাড়িতে বা বাসে চড়তেই ভয় পান। একে ‘মোশন সিকনেস’ বলে। গতি ও জড়তার ফলে মস্তিষ্কে সমন্বয়হীনতার কারণে এমন হয়। যারা এই বিরক্তিকর সমস্যায় আক্রান্ত, তাদের ভ্রমণটাকে আনন্দপূর্ণ করতে কিছু পরামর্শ।

যা করবেন : গাড়ি বা বাসের সামনের দিকে বসুন, চেষ্টা করুন জানালার পাশে বসতে। বাইরে দৃষ্টি প্রসারিত করুন। রাতের বেলায় ভ্রমণের সময় চোখ বুজে থাকুন।

ভ্রমণের আগে অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমাবেন। বেশি সমস্যা লাগলে ঘুমিয়ে পড়তে চেষ্টা করুন। ঘুম না এলে, চোখ বন্ধ করে গান শুনতে বা চুপচাপ শুয়ে থাকতে পারেন। যাত্রার আগে অতিরিক্ত খাবার বা গুরুপাক খাবার খাবেন না। বাইরের খাবার বা বারবার খাওয়া থেকে বিরত থাকুন। ভ্রমণের সময় ধূমপান করবেন না। আদা বা লেবুর চা খেতে পারেন। আদা, মৌরি ও লবঙ্গ চিবোতে পারেন। চলন্ত অবস্থায় বই পড়া, মোবাইলে গেম খেলা বা নেট ব্যবহার থেকে বিরত থাকুন। সমস্যা বেড়ে যেতে পারে। যানবাহনের ভেতরে বাজে গন্ধ থাকলে দূর করতে ভালো এয়ার ফ্রেশনার ব্যবহার করুন। ব্যক্তিগত গাড়িতে  ভ্রমণে যাত্রাপথে কিছুক্ষণ পরপর বিরতি নিতে পারেন। গাড়ি যেদিকে চলে তার উল্টো দিকে বসলে মাথা ঘোরাতে পারে এবং বমির ভাব বেড়ে যেতে পারে। তাই এ ধরনের সিটে বসবেন না। মনকে শান্ত রাখুন, ভ্রমণের সময় ভুলে যান আপনি মোশন সিকনেসের সমস্যায় আক্রান্ত। মনকে প্রফুল্ল রাখতে গান শুনতে পারেন। যাত্রাপথে বারবার বমি হলে পানিশূন্যতা ও ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণের জন্য ওরস্যালাইন, ডাবের পানি পান করতে পারেন।

সমস্যা বেশি হলে

কোনোভাবেই সমস্যা যাচ্ছে না। তাহলে বমি নিরোধক ট্যাবলেট যেমন প্রোমিথাজিন, হায়োসিন, মেকলোজিন, ওনডানসেটরন প্রভৃতি ভ্রমণের আগের রাতে ১টি এবং যাত্রার ৩০ মিনিট আগে ১টি সেবন করতে পারেন। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে।