বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেকেই আলোচনার জন্ম দিয়েছিলেন স্যাম কনস্টাস। ওপেনিংয়ে নেমে পেসারদের চোখে চোখ রেখে ব্যাটিং তো বটেই, পাশাপাশি বিরাট কোহলি, জসপ্রিত বুমরাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন। সেই তরুণ ওপেনার এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন।
২০২৫-২৬ মৌসুমের জন্য ২৩ জনকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে সিএ। এতে কনস্টাস ছাড়াও আরও দুই নতুন মুখ জায়গা করে নিয়েছেন । তারা হলেন—বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান এবং অল-রাউন্ডার বো ওয়েবস্টার। কনস্টাস অভিষেকেই ৬০ রানের ইনিংস খেলেছিলেন, যা ম্যাচের গতিপথ বদলে দেয়। এছাড়া কুনেমান শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট শিকার করে হয়েছিলেন সিরিজসেরা।
এদিকে কনস্টাসের মতোই বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেক হয়েছিল অল-রাউন্ডার বো ওয়েবস্টারের। প্রথম ম্যাচেই ফিফটি করার পাশাপাশি বল হাতে কার্যকর ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ওই সিরিজ জিতে ৩-১ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। অভিজ্ঞ স্টিভেন স্মিথ, উসমান খাজা ও নাথান লায়ন, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন।
কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত নতুন তিন ক্রিকেটারের প্রশংসা করে অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘ম্যাথু শ্রীলঙ্কায় অসাধারণ খেলেছে এবং আগামী ১৮ মাসে সে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বো ব্যাট ও বল দুই দিকেই কার্যকর, যা দলের ভারসাম্য বাড়াবে। আর স্যাম একজন সম্ভাবনাময় তারকা, আশা করছি সে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরও বিকশিত হবে।’
কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২৩ জন: প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জাভিয়ের বার্টলেট।