‘এমবাপ্পে একদিন রোনালদোর মতো কিংবদন্তি হয়ে উঠবে’

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১১:৪৫ এএম

শুরুতে মানিয়ে নিতে কষ্ট হলেও রিয়াল মাদ্রিদে এখন দুর্বার গতিতে ছুটছেন কিলিয়ান এমবাপ্পে। মাঠে নামলেই গোলের পর গোল করে যাচ্ছেন। গত শনিবার লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচে জোড়া গোল করে অভিষেক মৌসুম ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের রেকর্ড স্পর্শ করেছেন। তাকে ভবিষ্যতের রোনালদো হিসেবে দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

রিয়ালে নিজের অভিষেক মৌসুমে ৩৩ গোল করেছিলেন রোনালদো। সমান সংখ্যক গোল করেছিলেন রুড ফন নিস্টলরয়। এই দুজনের চেয়ে বেশি গোল আছে কেবল চিলির কিংবদন্তি ইবান সামোরানোর ৩৭টি। সেই রিয়ালের হয়ে রোনালদো জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ মোট ১৬টি শিরোপা। হয়েছেন রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এমবাপ্পে কি সেই পথেই এগোচ্ছেন?

গতকাল সোমবারের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘বিভিন্ন সময়ের খেলোয়াড়দের মাঝে তুলনা করা কঠিন। আমি আশা করতে পারি যে, রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদো যা অর্জন করেছে, এমবাপ্পেও তা অর্জন করতে পারবে। তার সম্ভাবনা আছে। এর অর্থ হলো, সে একদিন ক্রিশ্চিয়ানোর মতো কিংবদন্তি হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত