পরকীয়ার অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে প্রবাসীর স্ত্রী-যুবককে নির্যাতন

পরকীয়ার অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রী ও যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর পেয়ে দুইজনকেই থানা পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বরিশালের উজিরপুর উপজেলায় ঘটনাটি ঘটে।

ভিডিও চিত্রে দেখা গেছে, বাড়ির একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ওই বাড়ির সৌদি প্রবাসীর স্ত্রী এবং এক যুবককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। একপর্যায়ে এক ব্যক্তি ওই নারী এবং যুবককে লাঠি দিয়ে বেধরক পেটাচ্ছে। নারীকে বাঁধার সময় অনেক অনুনয় বিনয় করেও তিনি রক্ষা পায়নি। 

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, সৌদি প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছেন। মঙ্গলবার সকালে ওই যুবক প্রবাসীর বাড়িতে এসে অসামাজিক কাজে লিপ্ত হয়। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করে। 

তবে আটক যুবকের বাবা জানিয়েছেন, গত কয়েকদিনপূর্বে তার দোকান থেকে সেলাই মেশিন ক্রয় করেন ওই নারী। মেশিনের মটর খারাপ হওয়ায় নষ্ট মটর ঠিক করার জন্য তার ছেলেকে ডেকে নেন ওই নারী। এরপর বাড়ির লোকজন তার ছেলের ওপর মিথ্যে অপবাদ দিয়ে নির্যাতন চালিয়েছে। তার ছেলে নির্দোষ বলেও দাবি করেন তিনি। 

তবে নির্যাতিত নারী এবং যুবক পুলিশ হেফাজতে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

 এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পরকীয়ার সম্পর্ক হাতেনাতে ধরে ফেলায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন। বর্তমানের দুজনই পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।