মেহেন্দীগঞ্জে দুই মরদেহ উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

বরিশালের মেহেন্দীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় নিখোঁজ ফল ব্যবসায়ী ও এক শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌ-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে কাজীরহাট থানার লতা নদীতে চলন্ত লঞ্চ ‘এমভি রাজহংস-৮’-এ ওঠার সময় ছোট ট্রলার উল্টে নিখোঁজ হন ফল ব্যবসায়ী আব্দুল আলীম হাওলাদার (৪৮)।

দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর সোমবার (২০ জুলাই) দুপুরে নলবুনিয়া লঞ্চঘাট এলাকা থেকে কালীগঞ্জ নৌ-পুলিশ তার ভাসমান মরদেহ উদ্ধার করে। তিনি আন্ধারমানিক ইউনিয়নের বাসিন্দা।কালীগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সুরতহাল শেষে সোমবার রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই দিন সকালে উপজেলার ভাসানচর ইউনিয়নের বাগরজা গ্রামে কালাবদর নদীর তীর ধসে নদীগর্ভে তলিয়ে যায় পাঁচ বছরের শিশু মোহাম্মদ আব্দুল্লাহ। কৃষক বাবা আজিজুল গাজীর সঙ্গে নদীতে গেলে হঠাৎ তীরের মাটি ধসে পড়ে তারা দুজনই ভেসে যান। বাবাকে স্থানীয়রা জীবিত উদ্ধার করতে পারলেও শিশুটি তলিয়ে যায়।

ঘটনার প্রায় ৪৫ ঘণ্টা পর সোমবার সকালে বরিশাল সদরের বেলতলা এলাকায় কীর্তনখোলা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল সদর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।##




×
সর্বশেষ সর্বাধিক পঠিত