ইরান-ইয়েমেনের কাছে পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, এর মধ্যেই ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্র একটি সামরিক ঘাঁটিতে পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করেছে, যা ইয়েমেন বা ইরান আক্রমণের জন্য যথেষ্ট কাছাকাছি অবস্থানে রয়েছে।

আজ বুধবার পেন্টাগন এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগনের নৌবাহিনীর উপদেষ্টা শক্তি বাড়ানোর জন্য অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। খবর: রয়টার্স।

পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও বিমানগুলোর নাম বা সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

তবে মার্কিন কর্মকর্তাদের মতে, অন্তত চারটি বি-২ বোমারু বিমান বর্তমানে যুক্তরাজ্য-মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছে, যা ইয়েমেন বা ইরান আক্রমণের জন্য যথেষ্ট কাছাকাছি অবস্থানে। 

পেন্টাগনের মুখপাত্র শাউন পারনেল বলেন, যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি আরও যোগ করেন, ‘যদি ইরান বা তার প্রতিনিধিরা আমাদের কর্মী এবং স্বার্থকে হুমকি দেয়, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

বি-২ বোমারু বিমানগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং মোট ২০টি বিমান রয়েছে, যা সাধারণত শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে ব্যবহার করা হয়। এর আগেও, ২০২১ সালের অক্টোবর মাসে বাইডেন প্রশাসন ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে এই বিমানগুলো ব্যবহার করেছিল।