গাইবান্ধায় আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক কৃষকের ঘর পুড়ে গেছে। এতে দুটি গরুও আগুনে পুড়ে মারা গেছে। আর দুটি আহত হয়। এ ছাড়া বসতবাড়ি ও গোয়াল ঘরসহ তিনটি ঘর সর্ম্পূণ পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে ইউনিয়নের দক্ষিন বেতারাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম ইনতাজ আলী। তিনি গ্রামের আবদুস সোবহান আলীর ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর। ঘরে রাখা প্রায় ১০ হাজার টাকাসহ সবকিছু পুড়ে যাওয়ায় কৃষক ইনতাজ আলী চিন্তায় পড়েছেন। পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তিনি।

স্থানীয়রা জানান, ইনতাজ আলী অন্যের জমিতে কাজ করে যা উপার্জন করেন তা দিয়েই সংসার চালাতেন। মঙ্গলবার রাতে ৯টার দিকে মশার কয়েলের আগুন থেকে তার বাড়িতে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু ততক্ষণে তার টিনশেড ঘরের চালসহ সব পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক কান্নাজড়িত কণ্ঠে বলেন, হামার আদরের দুটো গরু আগুনে পুড়ে মারা গেল, কিছুই করতে পারলাম না। অনেক কষ্ট কইরা গরুগুলো লালন-পালন করছিলাম। সব শেষ। পথে বসার মতো হামার অবস্থা। এখন হামি করব, বুজবার পাচ্ছি না।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দিনদার আলী জানান, ইনতাজ আলী খুবই দরিদ্র একজন কৃষক। লোক মুখে তার বাড়িতে আগুন লাগার কথা শুনেছি। গরু-ঘরসহ আসবাবপত্র পুড়ে তার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে শুনেছি। পরিবারটিকে সরকারি সহযোগিতার বিষয়ে আলোচনা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, অগ্নিকাণ্ডে ওই কৃষকের ক্ষতির বিষয়টি স্থানীয় মাধ্যমে জানতে পেরেছি। দ্রুত উপজেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।