বার্সেলোনার অর্থ সংকট, ওলমো ও ভিক্টরকে নিবন্ধন করতে পারছে না লা লিগা

বার্সেলোনার অর্থনৈতিক সংকট কাটছে না। লা লিগার পক্ষ থেকে জানানো হয়েছে, স্প্যানিশ ক্লাবটি এখনও ফরোয়ার্ড দানি ওলমো ও পাও ভিক্টরকে নিবন্ধন করার মতো আর্থিক সক্ষমতা অর্জন করতে পারেনি।

গত গ্রীষ্মে সাময়িক লাইসেন্সের মাধ্যমে ওলমো ও ভিক্টরকে নিবন্ধনের অনুমতি দিয়েছিল লা লিগা। তবে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক নিয়ম মেনে চলার প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় গত জানুয়ারিতে সেই নিবন্ধন বাতিল করে লিগ কর্তৃপক্ষ। আপিলের পর স্পেনের ক্রীড়া পরিষদ (সিএসডি) তাদের সাময়িকভাবে খেলার অনুমতি দেয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা আগামী ৭ এপ্রিলের মধ্যে।

বার্সেলোনা নিজেদের আর্থিক অবস্থার উন্নতির জন্য ন্যু ক্যাম্পের ভিআইপি বক্স বিক্রির মাধ্যমে ১০০ মিলিয়ন ইউরো সংগ্রহের ঘোষণা দেয় ৩ জানুয়ারি। কিন্তু লা লিগার দাবি, ওই চুক্তির অর্থ ক্লাবের জমা দেওয়া আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং এটি একটি ভিন্ন নিরীক্ষকের অনুমোদন পেয়েছে।

'এই লেনদেন থেকে কোনো অর্থ লাভ-ক্ষতির হিসাবে যোগ হয়নি, যা ক্লাব ও নিরীক্ষক তখন যে তথ্য দিয়েছিলেন, তার বিপরীত,' এক বিবৃতিতে জানায় লা লিগা। তারা এই নিরীক্ষকের বিরুদ্ধে হিসাব ও নিরীক্ষা সংস্থার কাছে অভিযোগ দায়ের করবে বলেও জানিয়েছে।

লা লিগার ভাষ্য, '৩১ ডিসেম্বর ২০২৪, ৩ জানুয়ারি ২০২৫ বা এরপরের কোনো সময়েই বার্সেলোনার আর্থিক সক্ষমতা ছিল না, যা ওলমো ও পাও ভিক্টরকে নিবন্ধন করার জন্য প্রয়োজন।'

তবে লা লিগার এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা। তিনি বলেছেন, 'এটি ক্লাবের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। আমাদের আইনি টিম যথাযথভাবে এর জবাব দেবে।'

তিনি আরও দাবি করেন, 'তিন মাস আগেও বলেছি, ওলমো ও ভিক্টরের নিবন্ধন নিয়ম মেনেই হয়েছে, এখনও তাই রয়েছে।'

গত গ্রীষ্মে ৫২ মিলিয়ন পাউন্ডে আরবি লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেন ২৬ বছর বয়সী দানি ওলমো। এ মৌসুমে তিনি ২৮টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে সিএসডি-এর রায়ের পর মাঠে নেমেছেন ১৩ বার।

অন্যদিকে, ২৩ বছর বয়সী পাও ভিক্টর বার্সেলোনার একাডেমির খেলোয়াড়। এ মৌসুমে তিনি ২২ ম্যাচ খেলেছেন, যার মধ্যে পাঁচটি ম্যাচ খেলেছেন আপিলের পর।

বার্সেলোনার সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ অর্থনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে তারা ওলমো ও ভিক্টরকে দলে ধরে রাখতে পারবে কিনা, তা এখনও অনিশ্চিত।