পচেত্তিনোকে টটেনহ্যামের ফেরার শুভকামনা জানিয়ে রাখলেন পোস্টেকোগলু

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১০:০০ পিএম

টটেনহ্যাম হটস্পারের ভবিষ্যৎ পরিকল্পনায় তার জায়গা কতটা নিরাপদ, সে নিয়ে গুঞ্জন চলছে। তবে কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলু এসব আলোচনা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। বরং স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, যদি ক্লাব অন্য পথে হাঁটতে চায়, তবে দারুণ কিছু বিকল্প অপেক্ষায় আছে।

বর্তমানে ব্রেন্টফোর্ডের থমাস ফ্রাঙ্ক ও বোর্নমাউথের আন্দোনি ইরাওলার মতো কোচরা সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন। 

তবে এসব গুঞ্জনে পাত্তা দিতে নারাজ পোস্টেকোগলু, 'আমি জানি আমার দায়িত্ব কী, ক্লাব যদি অন্য কাউকে চায়, তাহলে অসাধারণ কিছু কোচ অপেক্ষায় আছেন। কেউ হয়তো ভাবতে পারে, অ্যাঞ্জ পোস্টেকোগলু মন্দ কোচ নয়, তাকে একটা সুযোগ দেওয়া যাক। এসব নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমার চিন্তা কেবল ক্লাবের ফুটবল দর্শন বদলানো, দল পুনর্গঠন করা এবং সাফল্য এনে দেওয়া।'

প্রাক্তন কোচ মাউরিসিও পচেত্তিনো এক সাক্ষাৎকারে বলেছেন, একদিন তিনি আবার টটেনহ্যামে ফিরতে চান। অনেকেই মনে করছেন, তার এই মন্তব্য পোস্টেকোগলুর ওপর চাপ সৃষ্টি করতে পারে। তবে টটেনহ্যামের বর্তমান কোচ একে কোনো ধরনের অসম্মানজনক কিছু মনে করেন না।

পোস্টেকোগলু বলেন, 'যদি পচেত্তিনো একদিন টটেনহ্যামে ফিরতে চান, তাহলে আমি তার জন্য শুভকামনা জানাই। আমাদের সবারই স্বপ্ন থাকে। কেউ যদি মনে করে তিনি আমাকে চাপে ফেলতে চেয়েছেন, তাহলে সেটা ভুল ধারণা। আমি এসব নিয়ে ভাবছি না, আমার লক্ষ্য শুধুই আগামীকালকের ম্যাচ জেতা।'

এই মৌসুমে টটেনহ্যামের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তারা ক্যারাবাও কাপের সেমিফাইনালে লিভারপুলের কাছে হেরেছে, এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে, আর প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৪তম স্থানে রয়েছে।

তবে ক্লাবের ১৭ বছরের শিরোপা-খরা কাটানোর সুযোগ এখনো রয়েছে। আগামী ইউরোপা লিগে তারা যদি সফল হতে পারে, তাহলে নিশ্চিত হবে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। আর সেখানেই পোস্টেকোগলুর ভাগ্য নির্ধারিত হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত