আরও তিন মাস থাকছেন টিটু

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বেশ গুরুত্বপূর্ণ একটি পদ টেকনিক্যাল ডিরেক্টর। দেশের ফুটবল কোন পথে এগোবে সে কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পদের দায়িত্বে থাকা ব্যক্তিটি। গত ৩১ মার্চ পর্যন্ত এ পদে ছিলেন সাইফুল বারী টিটু। তার মেয়াদ ফুরোলেও নতুন কাউকে বেছে নেওয়ার পথে হাঁটেনি বাফুফে। আরও তিন মাস মেয়াদ বাড়ানো হয়েছে সাবেক এই ফুটবলারের। অর্থাৎ আগামী জুন পর্যন্ত টিটু থাকছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর।

এ প্রসঙ্গে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য কামরুল হাসান বলেছেন, ‘টেকনিক্যাল কমিটির সভায় এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে সভাপতির অনুমোদনক্রমে টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে নতুন করে তিন মাসের জন্য চুক্তি বাড়ানো হয়েছে।’ 

টেকনিক্যাল ডিরেক্টরের মেয়াদ নতুন করে তিন মাস বাড়ানো প্রসঙ্গে তার কথা, ‘আমাদের নতুন কমিটি তার কাজের পরিধি আরও পর্যবেক্ষণ করবে, এজন্যই মূলত তিন মাস মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া টেকনিক্যাল ডিরেক্টর ফুটবল ফেডারেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। ফুটবল উন্নয়নের জন্য আমরা সামনের দিকে এই পদে বিদেশি কাউকে নিযুক্তির ব্যাপারেও ভাবছি।’