‘ম্যান ইউ ছেড়ে বেতিসে যাওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত’

ইংলিশ প্রিমিয়ার লিগের নামী ক্লাবের হয়ে তিনি পারফর্ম করতে পারছিলেন না। জাতীয় দলেও জায়গা নড়বড়ে হয়ে গেছে। এমতাবস্থায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়াল বেতিসে যেতেই বদলে গেলেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে বদলে দিয়েছেন দলের চেহারা। এই মুহূর্তে অ্যান্টনি মনে করেন, বেতিসে যোগ দেওয়া ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত।

২০২২ সালের আগস্টে ১০ কোটি মার্কিন ডলারের বেশি ট্রান্সফার ফিতে আয়াক্স থেকে ম্যান ইউতে গিয়েছিলেন অ্যান্টনি। সেই ট্রান্সফার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। কিন্তু পরবর্তী আড়াই বছর ছিল তার ক্যারিয়ারের বাজে সময়। মাঝেমধ্যে কিছু ঝলক দেখালেও ধারাবাহিকতা না থাকায় আড়ালে চলে যান। এরপর বেতিসে গিয়ে ১২ ম্যাচে চারটি করে গোল করা ও সহায়তা করার পাশাপাশি দারুণ খেলে চলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী তারকা বলেছেন, ‘এখানে খুবই খুশি আমি। নিজেকে ফিরে পেয়েছি। এই ফিরে পাওয়াটা জরুরি ছিল, আনন্দে ফেরাটা দরকার ছিল। আমার পরিবারকে খুশি করার প্রয়োজনও ছিল। প্রতিটি দিন গড়াচ্ছে আর আমি বুঝতে পারছি, এটি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। এই শহর, ক্লাব, সবকিছুই আমি উপভোগ করছি। এখানকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, খাবার, আবহ, সবকিছু আমাকে ব্রাজিলের কথা মনে করিয়ে দেয়।’

রিয়াল বেতিসের দর্শক-সমর্থক, সতীর্থদের কাছেও দ্রুতই প্রিয় হয়ে উঠেছেন অ্যান্টনি। তার আগমনের আগে লা লিগার পয়েন্ট টেবিলে ১০ নম্বরে ছিল বেতিস। এখন তারা টানা ছয় ম্যাচ জিতে উঠে এসেছে ৬ নম্বরে। এখন তারা স্বপ্ন দেখছে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার। মাঠের বাইরেও সময়টা দারুণ কাটছে অ্যান্টনির, ‘এখানকার লোকজন খুব আন্তরিক। আমি খুবই খুশি এবং আমাদের ব্রাজিলিয়ানদের জন্য এই মানসিক শান্তিটা খুবই গুরুত্বপূর্ণ।’