সব ম্যাচ জেতার ঘোষণা দিয়ে পাকিস্তানে গেল মেয়েরা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০২:০৭ পিএম

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আজ বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে নিগার সুলতানাদের বাছাইপর্বে উত্তীর্ণ হতে হবে। তাই এই লড়াইটা খুব গুরুত্বসহকারে নিয়েছে বাংলাদেশ দল। এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ ত ওবলেই দিয়েছেন, সব ম্যাচই তারা জিততে চান।

এ বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারায় সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কাটতে পারেনি নিগার সুলতানার দল। বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। বিমানে ওঠার আগে কোচ সারওয়ার ইমরান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সেখানে (পাকিস্তানে) আমাদের পাঁচটা ম্যাচ আছে। আমরা ম্যাচ ধরে ধরে এগিয়ে পাঁচটাই জিততে চাই।’

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরের এলসিসিএ গ্রাউন্ড এবং গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানকার কন্ডিশন মাথায় রেখেই শিষ্যদের প্রস্তুত করেছেন ইমরান, ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল। আমাদের ক্যাম্পে এ বিষয়ে কাজ করেছি। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, কীভাবে ব্যাটিং করতে হবে, স্ট্রাইকরেট কেমন হবে সেগুলো অনুশীলন করিয়েছি। ব্যাটিং উইকেট হলে পাকিস্তানে আড়াইশর বেশি রান উঠবে। আশা করছি, ব্যাটাররা পারবে।’

ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান ছাড়া বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষরা শক্তির বিবেচনায় পিছিয়ে আছে। তবে কোচ সারোয়ার কোনো প্রতিপক্ষকে খাটো করে দেখতে রাজি নন, ‘দুইটা শক্তিশালী দল আছে আমাদের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। অন্য দলগুলো যেমন আয়ারল্যান্ড, তাদেরও ছোট করে দেখছি না। আমরা সবার সঙ্গে লড়াই করে একের পর এক ম্যাচ জিতে বিশ্বকাপে উঠতে চাই।’

উল্লেখ্য, আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর। স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে আরও দুটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত