যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণা দেবেন এমন আশঙ্কায় কয়েক দিন ধরেই বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সোনার দাম। এতে সোনার দামে সৃষ্টি হয় একের পর এক রেকর্ড। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার আগে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৩ হাজার ১৬২ ডলার ছাড়িয়ে যায়। তবে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর সোনা বড় দরপতনের মধ্যে পড়েছে। একদিনেই প্রতি আউন্স সোনার দাম ৭০ ডলারের ওপর কমে গেছে।
হাতেগোনা কয়েকটি দেশ ছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ ও অঞ্চলের ওপর গত বুধাবার পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের ওপর এ ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। দেশটির বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
তার ঘোষণা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের পণ্য আমদানির ওপর ৩৪ শতাংশ, বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ, ভারতের ওপর ২৬ শতাংশ, জাপানের ওপর ২৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক শুল্ক দুটি ধাপে কার্যকর হবে।
ট্রাম্পের এ শুল্ক আরোপের ঘোষণা আসার আগে এটি ঘিরে বিশ্ববাজারে বেশ অস্থির হয় সোনার দাম। এক সপ্তাহের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৩৭ ডলার থেকে বেড়ে ৩ হাজার ১৬২ দশমিক ৬০ ডলারে ওঠে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর ৫টা ৪৫ মিনিটে এ রেকর্ড দাম স্পর্শ করে সোনা।