জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার বানচাল করতে দেশে ও বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, বিচার বানচাল করতে পতিত সরকারের লোকজন মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সুর্নিদিষ্ট তথ্য পেয়েছে এবং জড়িতদের চিহ্নিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। আন্দোলন দমাতে ১৪০০ মানুষকে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। গণহত্যার এ সব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এর ধারাবাহিকতায় ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে এসেছে। শিগগির বিচারকাজ শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রসিকিউশন। অ্যাডভোকেট তাজুল ইসলাম গতকাল সাংবাদিকদের, ‘বিচার বানচাল করতে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের তথ্য আমরা পেয়েছি। জড়িতদের অনেককে শনাক্ত করা হয়েছে। তবে, এখনই বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না। সময় হলে জানানো হবে। যত ষড়যন্ত্রই হোক তা ব্যর্থ হবে এবং বিচার যথাযথভাবে হবে।’