২৪ ঘণ্টায় সড়কে ঝরল পাঁচ প্রাণ, আহত ১১

গত ২৪ ঘণ্টায় দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ সময় আরও ১১ জন আহত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

শার্শা (যশোর) : বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল হোসেন (২০) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাহিদ হোসেন (২২)।

জানা যায়, নম্বরবিহীন একটি কালো রঙের অ্যাপাচি ৪-ভি মোটরসাইকেলে করে রাসেল ও জাহিদ নাভারন হতে বেনাপোল যাচ্ছিলেন। একইদিকে যাওয়ার সময় একটি প্রাইভেট কার ওই মোটরসাইকেলটির পেছনে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেট কারটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও সাতজন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সূতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুল মোহিত (৭০)। আহতদের মধ্যে রয়েছেন আরিফুল ইসলাম (৩০), সেলিম রেজা (৩১), আইরিন আক্তার (২২), মোস্তফা কামাল (২৮), আবু রাসেল (৪০), সালমা বেগম (৫৫)। আহত ও নিহতরা সবাই কুষ্টিয়ার বাসিন্দা বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় হস্তান্তর করেন এবং আহতদের উদ্ধার করে ইসলামপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বলেন, ‘কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি ডিলাক্স বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সূতিপাড়া পৌঁছালে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক লোক মারা যান। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় গতকাল বিকেলে তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় সিএনজির চার যাত্রী আহত হন। নিহতরা হলেন সিএনজি অটোচালক শরিফুল ইসলাম (৩৫) ও যাত্রী আবদুল মমিন (৩৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুর রউফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক ট্যাংকলরিটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’