মাদারীপুরে ইতালি থেকে টাকা পাঠানো নিয়ে বাকবিতন্ডার জেরে শ^শুরবাড়িতে হামলা চালিয়ে অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নববধূর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব কৃষ্ণপুর গ্রামে। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে রাজৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীদের ভাই আলিরাজ চাকলাদার। নববধূ আরিফা আক্তার একই উপজেলার চর মোস্তফাপুর গ্রামের আশরাফ হোসেনের মেয়ে ও ইতালি প্রবাসী শাকিল চাকলাদারের স্ত্রী। রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।