নারীর গোসলের ভিডিও ধারণ গ্রেপ্তার ২

কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকরা হলেনÑ রেজাউল ইসলাম (৩০) ও মারুফ হোসেন (১৮)। তারা সম্পর্কে চাচাতো-ফুফাতো ভাই এবং পেশায় দিনমজুর।

পুলিশ জানায়, গত সোমবার নিজ বাড়ি থেকে এক কাতার প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ। গত বুধবার সকালে ওই নারীকে ধারণকৃত ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করেন তারা। এ ঘটনায় ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেপ্তার করে। কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’