দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্বামী ও তার দ্বিতীয় স্ত্রী একসঙ্গে ‘আত্মহত্যা’ করেছেন। প্রথম স্ত্রী স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দম্পতি হলেন মো. ইকবাল (২০) ও লামিয়া (২০)। ইকবাল পাশের বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে। লামিয়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পূর্ব সুবেদখালী গ্রামের জাফর ফকিরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে প্রেমের সম্পর্কের মাধ্যমে দুই বছর আগে ভোলার নাজমা আক্তারকে বিয়ে করেন। পরে প্রথম স্ত্রী নাজমাকে বাড়িতে রেখে ফের কর্মস্থল ঢাকায় যান ইকবাল। পরে সেখানে কাজের সুবাদে পরিচয় হয় লামিয়ার সঙ্গে। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত ৯ মাস আগে বিয়ে করেন তারা। এরপর ঈদের ছুটিতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে এলে প্রথম স্ত্রী স্বামী ইকবালের দ্বিতীয় বিয়ে মেনে নেননি। এ অবস্থায় ইকবাল নিজের বাড়িতে উঠতে না পেরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তালতলীর চাউলাপাড়া গ্রামের মো. রহিমের বাড়িতে ওঠেন। মো. রহিম ইকবালের বোনের শ্বশুর। ওই বাড়ির একটি কক্ষেই তারা একই রশিতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনেই আত্মহত্যা করেছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’