দুর্বৃত্তের কোপে মৎস্যচাষির হাত বিচ্ছিন্ন

মাদারীপুরে ইউনুস সরদার (৪৫) নামে এক মৎস্যচাষিকে কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তার স্ত্রীকেও পিটিয়ে আহত করা হয়। গতকাল শুক্রবার ভোররাতে জেলার কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের দিনচর গ্রামে এ ঘটনা ঘটে। তবে তার স্ত্রী শঙ্কামুক্ত হলেও আশঙ্কাজনক অবস্থায় ইউনুসকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইউনুস দিনচর গ্রামের মফেজ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে মৎস্যচাষি ইউনুসের বসতঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর এবং ইউনুসকে কুপিয়ে জখম করে শরীর থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলে। বাধা দিতে গেলে মৎস্যচাষির স্ত্রীকেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউনুসকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে ইউনুসের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, কে বা কারা এই হামলা চালিয়েছে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। আহত ইউনুস হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাটি এলাকার আধিপত্য নিয়ে নাকি পূর্বশত্রুতার জেরে ঘটেছে, তা তদন্তের পরে বলা যাবে।