গজারিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। শনিবার (৫ এপ্রিল ) দুপুর তিনটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের মার্ডারের চর গ্রামে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন হুমায়ুন গ্রুপের জুবায়ের (২৩), আলী আক্কাসের ( ৫০), দীপু (২৬), ইউসুফ (২৯), ফয়সাল ( ২৭), মাহিনূর (২৮), শাহিন (২১)। অন্যদিকে মাহফুজ গ্রুপের সুমন (৩৬) ও আনোয়ার (৪৫)।

জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে হোসেন্দী ইউনিয়নের মার্ডারের চর গ্রামের হুমায়ূন গ্রুপের সাথে চর বলাকী গ্রামের মাহফুজ প্রধান গ্রুপের বিরোধ চলছিল। ২০১৬ সালের ১৪ জুলাই চর বলাকী গ্রামে পাঁচজনকে খুন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শেষের দিকে হওয়ায় বিষয়টা নিয়ে বাদী-বিবাদী উভয় পক্ষই তৎপর হয়ে উঠেছে। হুমায়ূন গ্রুপের লোকজনের সাথে বাদী পক্ষের এবং মাহফুজ প্রধান গ্রুপের সাথে বিবাদী পক্ষের সখ্যতা রয়েছে। এদিকে শনিবার (৫ এপ্রিল) মার্ডারের চর গ্রামের হুমায়ূন তার গ্রুপের লোকদের খাওয়ানোর জন্য তার বাড়িতে আয়োজন করে। সেখানে হামলা চালায় মাহফুজ গ্রুপের লোকজন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. লিটু বলেন, ‘দুপুর তিনটার দিকে আমাদের লোকজন যখন খেতে বসেছে তখন মাহফুজ গ্রুপের ৬০/৭০জন লোক আমাদের উপর হামলা চালায়। তাদের সবার হাতে দেশীয় অস্ত্র ছিলো। হামলায় আমাদের সাতজন লোক আহত হয়েছে। অতর্কিত হামলায় আমাদের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এই সুযোগে তারা ৮/৯টি  বাড়িঘরে ভাঙচুর চালিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায়।’ 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।