শিক্ষা কর্মকর্তা ও তার ছেলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রামের রাজীবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি মেহেদী হাসানকে মারধর ও তার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম (৫৫) ও তার ছেলে শিহাবের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শাহিদা বেগম গত শুক্রবার রাতে রাজীবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন তিনি। গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজীবপুর থানার ওসি আমিনুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ রাতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় মেহেদী। বটতলা বাজার এলাকায় পৌঁছালে শিহাব, সামছুল আলম, সিরাজুল ইসলামসহ ১০-১২ জন তাদের পথরোধ করে। এরপর কথিত রাজনৈতিক বিরোধের জেরে মেহেদী ও তার সঙ্গীদের মোবাইল ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মেহেদীকে মারধর করে ভুট্টাক্ষেতে নিয়ে গলায় চাপ দিয়ে হত্যার চেষ্টা করে। এ ব্যাপারে অভিযুক্ত শিহাব বলেন, ‘আমি আমার বক্তব্য থানায় দিয়েছি, বাকিটা তারা দেখবে।’