থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি উত্থাপনের সময় নেতিবাচক ছিলেন না মোদি; যা দেখে আশাবাদী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার বিশ^াস, হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত।
ব্যাংককে ইউনূস-মোদি বৈঠকের বিষয় নিয়ে গতকাল শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেই সঙ্গে বিশ^াস করেন, হাসিনার বিচারও দেখতে পাবেন।
দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন উল্লেখ করে শফিকুল আলম লিখেছেন, ‘বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাজের প্রশংসা করেন।’ বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মোদি বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালে আমরা আপনার প্রতি তার (শেখ হাসিনার) অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।’
প্রেস সচিব আরও জানান, ‘যখন অধ্যাপক ড. ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব!’
‘এ ছাড়া এটা বেশ স্পষ্ট ছিল, ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়! অধ্যাপক ড. ইউনূস সাম্প্রতিক মাসগুলোয় বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে “সর্বোত্তম সম্পর্ক” চাই। তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে হতে হবে,’ যোগ করেন শফিকুল আলম।