রাজধানীর হাজারীবাগের কোম্পানিঘাট এলাকায় একটি রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিউর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউরের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বালাপাড়া গ্রামে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের মালেক কলোনীতে বসবাস করতেন।
শফিউরের সহকর্মী অলিউর রহমান জানান, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার পর শনিবার সকালে তিনি ঢাকায় ফেরেন। মধ্যরাতে রিকশা ভাড়া নিতে কোম্পানিঘাট এলাকার আনোয়ার হোসেনের রিকশা গ্যারেজে গেলে, গ্যারেজের ভিতর থেকে রিকশা বের করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেন, এরপর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।