রাজধানীর শাহবাগের ফুলের মার্কেটে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যাওয়ায় পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—রিয়াজুল ইসলাম (৫৫), মো. শাওন (২৫), মো. ফয়েজ (৩০), মো. কালু মিয়া (৩৫) এবং মো. শামীম (৪৫)। এদের মধ্যে রিয়াজুল, শাওন ও ফয়েজ গুরুতর দগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, তারা শাহবাগ ফুলের মার্কেট সংলগ্ন একটি টিনশেড ঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিলেন। কাজ করার এক পর্যায়ে হঠাৎ সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। এতে পাঁচজনই দগ্ধ হন। পরে তারা নিজেরাই রিকশা নিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের চিকিৎসক ডা. আশিক জানান, দগ্ধদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ এবং ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কালু মিয়া ও শামীম সামান্য দগ্ধ হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়ায় পরে আরও দুটি ইউনিট যোগ করা হয়। পাঁচটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিএনপির নিজাম-হেলাল বেপরোয়া
রোজায় এবার বিদ্যুতের ঘাটতি হয়নি