৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ রবিবার সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তার পরদিন রংপুর বিভাগে এবং তার পরদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে।

এছাড়া আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।

এদিকে, আজ সকাল ৬টা পর্যন্ত খুলনায় দেশের সর্বোচ্চ ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকা এবং নরসিংদীতেও বৃষ্টির খবর পাওয়া গেছে।