তামিম ইকবালের পর বাংলাদেশের জাতীয় দলের ওপেনার হিসেবে এসেছেন আরেক বাহাতি। তিনি তানজিদ হাসান তামিম। নাম একই হলেও এখন বড় তামিমের মতো যে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। বিশেষ করে ভালো শুরুর পরও ইনিংসটা বড় করতে পারেন না তিনি। এ নিয়ে আক্ষেপ ঝরল তার কণ্ঠেও। জানালেন এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ—দায়িত্ব নিয়ে খেলা শেষ করা।
ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন ২৪ বছর বয়সী তানজিদ। চলতি আসরে এখন পর্যন্ত তিনটি ফিফটির দেখা পেলেও, সেঞ্চুরি অধরাই থেকে গেছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের দুই ম্যাচেই খেলেছেন তানজিদ। করেছেন ২৫ ও ২৪ রান, দুটোই বলের সঙ্গে সমান সংখ্যক। স্ট্রাইক রেট ১০০ হলেও, ২৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার গড় মাত্র ২১—যা তার শুরুর সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তানজিদ বলেন, ‘প্রথম কয়েকটা ম্যাচ একটু কম রানের ছিল। এরপর আমরা ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। কিন্তু আমার মনে হয় এখনো দলকে আরও বেশি কিছু দিতে পারি। আমি চেষ্টা করছি যেন পরের ম্যাচগুলোতে ভালো কিছু উপহার দিতে পারি।’
কন্ডিশন নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। জানান, ‘মিরপুর আর বিকেএসপির উইকেট এক না। মিরপুরে সকালে ব্যাট করা খুবই কঠিন, প্রথম ১০ ওভারে অনেক কষ্ট হয়। বিকেএসপিতে তুলনামূলক ভালো ব্যাটিং কন্ডিশন থাকে, রানও বেশি হয়। সেখানে আমাদের টপ অর্ডার ভালোই করেছে।’
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি আসে নিজের খেলা নিয়ে। ‘আমি জানি, ভালো শুরু পাওয়ার পর ইনিংস বড় করতে পারছি না। এর মানে হলো—আমি দায়িত্ব নিচ্ছি না। এবার সেই জায়গাতেই উন্নতি করতে চাই,’ বলেন বাঁহাতি ওপেনার।
নিজের ব্যর্থতার ব্যাখ্যা দিয়ে তানজিদ বলেন, ‘ইনিংস শুরু করাটা কঠিন। আমি শুরুটা ভালো করলেও মাঝের ওভারে সেটা ধরে রাখতে পারছি না। এটা একটা দায়িত্বের জায়গা, যেখানে আমি পিছিয়ে আছি। চেষ্টা করছি এখানেই উন্নতি করতে। আশা করি, ঢাকা লিগে এটা ঠিক করতে পারলে ভবিষ্যতে জাতীয় দলেও ভালো করতে পারব।’
বিষয়টা কৌশলগত নাকি মানসিক—এমন প্রশ্নে খানিকটা হাসি নিয়েই বলেন, ‘দুইটাই হতে পারে। আমি স্কিল নিয়ে কাজ করছি, কিন্তু কোনটা সেটা এখন বলব না (হাসি)।’
পয়েন্ট টেবিলে রূপগঞ্জ এখন ছয় নম্বরে। তবে দল নিয়ে আশাবাদী তানজিদ, ‘এই টুর্নামেন্ট অনেক লম্বা। সঠিক সময়ে ছন্দে ফিরতে পারলেই আমরা সুপার লিগে ভালো করব। ঈদের বিরতির পর আমরা ফ্রেশ হয়েছি। আমাদের দল ভারসাম্যপূর্ণ, আমি বিশ্বাস করি আমরা ভালোভাবেই শেষ করতে পারব।’
শুধু রান নয়, এবার যেন নিজেকেও নতুন করে গড়তে চান তানজিদ। সময়মতো দায়িত্ব নিয়ে সেট হওয়া ইনিংসগুলোকে বড় রূপ দেওয়ার অপেক্ষায় তিনি।