বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। রবিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জেলখানা মোড়ে অবস্থিত জুস বারের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নর্থ বেঙ্গল ব্যুরো ও মাছরাঙা টিভির বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম ও স্থানীয় অনলাইন বগুড়া লাইভের সিনিয়র রিপোর্টার আসাফউদ্দৌলা নিয়ন। নিয়নের অবস্থা গুরুতর।
আহত সাংবাদিক খোরশেদ জানান, শহরের জেলখানা মোড়ের মহিলা ক্লাব রোডে অবস্থিত জুস বারের সামনে দাঁড়িয়ে তারা কথা বলছিলেন। এসময় অতর্কিত ১০/১২ জন দুর্বৃত্ত হামলা চালায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়ার কর্মরত সাংবাদিকরা। এসময় নিউ নেশন পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট তানভীর রিমন বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতিদ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ‘আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। হামলাকারীদের দ্রুত আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’