রংপুরের পীরগঞ্জে আকিকার দাওয়াত খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার বড় আলমপুর ইউনিয়নের গাজীখাঁ (দক্ষিণ সোনারপাড়া) গ্রামের লিটন মিয়ার বাড়িতে দাওয়াত খেয়ে বমি, পেট ব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন তারা। অসুস্থ ব্যক্তিদের মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশির ভাগ মানুষ বাড়িতে অবস্থান করলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন প্রায় ৪০ জন।
সরেজমিন ঘুরে জানা যায়, অসুস্থদের মধ্যে অধিকাংশই ঈদের ছুটিতে বাড়িতে আসা গার্মেন্টসকর্মী। অসুস্থতার কারণে ঢাকায় না ফিরতে পেরে চাকরি হারানোর শঙ্কায় আছেন তারা।
অসুস্থ আজিজুল হক বলেন, ‘দাওয়াত খাওয়ার পর রাত থেকেই পাতলা পায়খানাসহ জ্বর শুরু হয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ না হওয়ায় শুক্রবার বিকেলে পীরগঞ্জ মেডিকেলে ভর্তি হয়েছি। আমার পরিবারের ৫ জনেরই একই অবস্থা। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।’
হাসপাতালে ভর্তি অসুস্থ শাফিউল ইসলাম বলেন, ‘আকিকার দাওয়াত খাওয়ার পরেই রাত থেকে পাতলা পায়খানাসহ প্রচন্ড জ্বর ও বমি শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি আছি। আমি ঢাকায় গার্মেন্টসে চাকরি করি। গতকাল রবিবার থেকে আমার অফিস খোলা। অসুস্থতার জন্য ঢাকায় যেতে পারিনি। জানিনা চাকরি থাকবে কিনা।’
দাওয়াত আয়োজনকারী লিটন মিয়া বলেন, ‘মানুষকে খাওয়ানোর জন্যই তো আয়োজন করেছিলাম। কিভাবে কি হলো, কিছুই বুঝতে পারছি না। আমরা নিজেরাও অসুস্থ। তবে এটা ষড়যন্ত্রও হতে পারে।’
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তরিকুল ইসলাম মন্ডল (রিমন) বলেন, ‘খাবারে ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হতে পারে। এ ছাড়াও খাবারে সংক্রমিত কিছু উপাদান থাকতে পারে, যা থেকে এই সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।’