বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। গতকাল রবিবার বেলা সাড়ে ৩টায় শহরের জেলখানা মোড় এলাকায় জুসবারের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নর্থ বেঙ্গল ব্যুরো ও মাছরাঙা টিভির বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম, স্থানীয় অনলাইন বগুড়া লাইভের সিনিয়র রিপোর্টার আসাফউদ্দৌলা নিয়ন।
আহত খোরশেদ জানান, বেলা সাড়ে ৩টায় তারা দুজন জুস খাওয়ার জন্য শহরের জেলখানা মোড়ের মহিলা ক্লাব রোডে অবস্থিত জুসবারের সামনে যান। তারা জুসবারের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় অতর্কিতভাবে ১০-১২ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে তাদের এলোপাতাড়ি মারপিট করে। এতে সাংবাদিক নিয়ন গুরুতর আহত হন। মারপিট শেষে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিউ নেশন পত্রিকার স্পেশাল করসপন্ডেন্ট তানভীর রিমন বলেন, ‘অতিদ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’