৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

আট দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

গতকাল রবিবার সকাল ১০টায় নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করা। 

কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন শামীম বলেন, সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বিভিন্নভাবে তাদের ন্যায্য অধিকার উচ্চশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে বঞ্চিত হয়ে আসছেন। তার পরিপ্রেক্ষিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নিজেদের আট দফা দাবি চূড়ান্ত করেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন, শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করেন।