ডোপিং নিষেধাজ্ঞা ‘অন্যায়’, নিজেকে নির্দোষ দাবি সিনারের

বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার নিজেকে ‘নির্দোষ’ দাবি করে তিন মাসের ডোপিং নিষেধাজ্ঞাকে বললেন ‘অন্যায়’।

২৩ বছর বয়সী এই ইতালিয়ান তারকা গত বছর দুটি পজিটিভ ড্রাগ টেস্টে ধরা পড়লেও, বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা) জানিয়েছে—নিষিদ্ধ পদার্থ ব্যবহারে তার কোনো প্রতিযোগিতামূলক সুবিধা হয়নি এবং এটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত দূষণজনিত একটি ঘটনা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াডার সঙ্গে সমঝোতায় গিয়ে নিষেধাজ্ঞা মেনে নেন সিনার। ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ ধরা হয়েছে তার জন্য। ফলে ১৯ মে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে অংশ নিতে কোনো বাধা থাকছে না এই অস্ট্রেলিয়ান ওপেনজয়ীর।

শনিবার স্কাই স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রথমবার নিজের অবস্থান স্পষ্ট করেন সিনার, 'যা হয়েছে তা কিছুটা অন্যায় মনে হলেও, পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তাই সবচেয়ে কম ক্ষতির পথ বেছে নিয়েছি। আমরা সিদ্ধান্ত নেওয়ার পর নিজেকে আবার গুছিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। আমি জানি কী ঘটেছে, আর আমি জানি—আমি নির্দোষ।'

সিনার মাঠের বাইরে থাকলেও এখনো এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন। কার্লোস আলকারাজ ও আলেকজান্ডার জভেরেভ তার অনুপস্থিতিতে সেই অবস্থান দখল করতে পারেননি।

তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা আগামী ৭ মে শুরু হওয়া রোম মাস্টার্স দিয়ে আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে যাচ্ছেন। ক্লে কোর্টে ফিরেই তাই নিজ শহরের সামনে নিজেকে প্রমাণের সুযোগ থাকছে তার।

তবে প্রত্যাবর্তনের আগে কিছুটা শঙ্কাও কাজ করছে সিনারের মনে, 'আমি জানি না ফেরার পর কী ধরনের প্রতিক্রিয়া পাব। এত আলোচনার মাঝে ফিরে আসা সহজ হবে না। তবে যাদের আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি—আমার পরিবার, বন্ধুরা, দল—তারা কেউই আমার নির্দোষতা নিয়ে সন্দিহান নয়।'

এই কঠিন অধ্যায়ের পর সিনার জানালেন, আবার কোর্টে ফিরতে মুখিয়ে আছেন তিনি, 'খেলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।'

দীর্ঘ লড়াইয়ের পর ফিরে আসছেন টেনিসের নতুন প্রজন্মের তারকা। সামনে তাকে ঘিরে থাকবে বিতর্ক, থাকবে আলোচনার ঝড়। তবে কোর্টে তার খেলাই হয়তো আবার প্রমাণ করবে—কোর্টই তার প্রিয় ঠিকানা।