ম্যানচেস্টার ডার্বিতে গোল হয়নি, কিন্তু উত্তাপ কমেনি মাঠের বাইরেও। ম্যাচ চলাকালীন ফিল ফোডেনকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের কুরুচিপূর্ণ স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তার ভাষায়, এ ধরনের আচরণ “শ্রেণিহীন” এবং “লজ্জাজনক”।
রবিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের প্রথমার্ধে সিটির আক্রমণ চলছিল স্ট্রেটফোর্ড এন্ডের দিকে। তখনই কিছু ইউনাইটেড সমর্থক ফোডেনের মা সম্পর্কে অশালীন স্লোগান দেন। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে গার্দিওলা বলেন, 'এটা শ্রেণির অভাব। এটা ইউনাইটেড নয়, কিছু মানুষের আচরণ। খেলাধুলায় আমরা—কোচ, মালিক, খেলোয়াড়রা—সবসময়ই প্রকাশ্যে থাকি। কিন্তু একজন খেলোয়াড়ের মা সম্পর্কে এমন কটূক্তি করা? এটা সম্পূর্ণ অনৈতিক, শ্রেণিহীন এবং যারা এটা করেছে, তাদের লজ্জা পাওয়া উচিত।'
সিটি শিবিরের পক্ষ থেকে জানা গেছে, এমন স্লোগানে তারা বিস্মিত ও ক্ষুব্ধ। ইউনাইটেড ক্লাব অবশ্য জানিয়েছে, খেলোয়াড়দের উদ্দেশে যেকোনো ধরনের অপমানজনক আচরণের নিন্দা করে তারা।
এদিকে, গোলশূন্য ড্রয়ের ফলে ম্যানচেস্টার সিটি ৩১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। তাদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে চতুর্থ স্থানে চেলসি।
চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা নিয়ে গার্দিওলা বলেন, 'সামনে সাতটি ম্যাচ আছে। ক্রিস্টাল প্যালেস, এভারটন, অ্যাস্টন ভিলা, এরপর এফএ কাপ সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্ট। হ্যাঁ, পয়েন্ট আরও বেশি থাকলে ভালো হতো, কিন্তু আমরা এখনও লড়ছি। আজও খেলোয়াড়েরা সবকিছু দিয়েছে, শুধু আরও বেশি ফ্লুয়েন্টভাবে আক্রমণ করতে পারলেই ভালো হতো।'
অন্যদিকে, ১৩তম স্থানে থাকা ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম বলেন, 'স্বল্প সময়ের মধ্যেই প্রতিযোগিতামূলক দল গড়তে চাই, তবে সত্যিকার অর্থে আধিপত্য তৈরি করতে সময় লাগবে। সিটি বল পজেশনে বিশ্বের অন্যতম সেরা দল। এই ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে আধিপত্য দেখাতে হলে আরও সময় লাগবে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি।'
ম্যাচ শেষে ইউনাইটেড সমর্থকদের একটি অংশ ‘দ্য ১৯৫৮ গ্রুপ’-এর উদ্যোগে গ্লেজার পরিবারবিরোধী বিক্ষোভে অংশ নেন। কয়েকশ সমর্থক ম্যাচ শেষে স্টেডিয়ামে অবস্থান নেন, ক্লাব মালিকানার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
৫ বছর পর আবার গোলশূন্য ম্যানচেস্টার ডার্বি
মেসির রেকর্ড ছোঁয়া গোলের দিনে জয়বঞ্চিত মায়ামি