জামালপুরে চেক জালিয়াতির মামলায় বিএনপি নেতা রুহুল আমীন মিলনকে চারমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সাথে চেকে উল্লেখিত অর্থদণ্ডেরও আদেশ প্রদান করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে জেলা জজ আদালতের যুগ্ম ২য় আদালতের বিজ্ঞ বিচারক নিস্কৃতি হাগিদক এই আদেশ দেন।
বিএনপি নেতা রুহুল আমিন মিলন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামি রহুল আমীন মিলন তিন মাসের সময় নিয়ে বাদী শহিদুল্লাহ শহীদের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। নির্দ্দিষ্ট সময় অতিবাহিত হলে টাকা পরিশোধ করতে টালবাহানা করেন। একপর্যায়ে গত ২০২৩ সালের ১২ জুলাই পাওনা টাকা না দিয়ে শহীদকে ওই টাকার বিপরীতে বাংলাদেশ কৃষি ব্যাংক জামালপুর শাখার একটি চেক দেন। বিএনপি নেতা মিলনের ব্যাংক হিসাবে সেই পরিমাণ টাকা না থাকায় চেক অকৃতকার্য্য বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেয়। পরে ২০২৩ সালের ২২ আগস্ট শহিদুল্লাহ বাদী হয়ে চেক জালিয়াতির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ বিজ্ঞ আদালতে এই রায় ঘোষণা করেন। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মোকাদ্দেস আলী।
অপরদিকে রাষ্ট্রের পক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পিপি অ্যাডভোকেট শামীমা তাসমিন সাথী। এ বিষয়ে বিএনপি নেতা রুহুল আমিন মিলন মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন,‘আমি এ বিষয়ে কিছু জানি না।’