জানালেন ধর্ম উপদেষ্টা

২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে এবং তারা নির্ধারিত সময় অনুযায়ী সৌদি আরব যাবেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন তিনি। 

ধর্ম উপদেষ্টা বলেন, ‘এ বছর সরকারি নিবন্ধনপ্রাপ্ত ৫ হাজার ২০০ হজযাত্রীর জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ, ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি এবং পরিবহন সংস্থার সঙ্গে চুক্তি আগেই হয়ে গেছে। এখন ভিসা প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরই তা সম্পন্ন হবে। সেক্ষেত্রে, ২৯ এপ্রিল থেকে এসব হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন।’

এ বছর বেসরকারিভাবে ৮১ হাজার ৯০০ হজযাত্রী হজব্রত পালনের জন্য নিবন্ধিত হয়েছেন, যাদের ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধন সম্পন্ন হয়েছে। এসব হজযাত্রীরা ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

এছাড়াও, তিনি উল্লেখ করেন, ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য ১৪ ফেব্রুয়ারির মধ্যে মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ এবং ক্যাটারিং সার্ভিসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। 

এমনকি, সৌদি সরকার মক্কা ও মদিনায় বাড়িভাড়া ও পরিবহন চুক্তির সময়সীমা ২৫ মার্চ ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে এবং এ বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে।