পবিত্র হজের প্রস্তুতির জন্য ওমরাহ পালনকারীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ছাড়তে হবে, কারণ ওইদিন সৌদি আরবে জিলকদ মাসের ১ তারিখ শুরু হবে। এর পর থেকে সৌদি কর্তৃপক্ষ বার্ষিক হজের প্রস্তুতি শুরু করবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ১৩ এপ্রিল (সৌদি আরবে ১৫ শাওয়াল) পর্যন্ত ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। ওই দিনের পর হজের আগে আর কেউ ওমরাহ পালন করতে সৌদি আরবে আসতে পারবেন না।
২৯ এপ্রিলের পর কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন, তবে তাকে দেশটির ভিসা আইন ও হজ নীতিমালা লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হবে, এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া, যারা ওমরাহ পরিষেবা প্রদান করেন, তাদের কেউ যদি নিয়ম ভঙ্গ করেন, তবে তাদের ১ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি কর্তৃপক্ষ সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগের আহ্বান জানিয়ে বলেছে, এই নিয়মের বিপরীতে কেউ যদি অবস্থান করেন এবং তা জানাতে ব্যর্থ হন, তবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা করা হবে।
হজ যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে এবং ভিড় নিয়ন্ত্রণে প্রতি বছর এ ধরনের নির্দেশনা জারি করা হয় সৌদি আরবের পক্ষ থেকে।
প্রধান উপদেষ্টার সঙ্গে ইয়ংওয়ান চেয়ারম্যানের সাক্ষাৎ
গভীর সমুদ্র থেকে ১২৫ নারী-শিশুসহ ইন্দোনেশিয়াগামী নৌযান আটক