একসময় একই দলের হয়ে আইপিএলে খেলেছেন হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া। এখন তারা ভিন্ন দলের হয়ে লড়াই করেন। গতকাল সোমবার হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটিতে মুম্বাই হেরে গেলেও ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন হার্দিক-ক্রুনাল দুই ভাই।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে হার্দিক ৪ ওভার বল করে ৪৫ রানে ২ উইকেট শিকার করেন। এর মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনি ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। এতে তার লেগেছে ২৯১টি ম্যাচের ২৩২টি ইনিংস। এছাড়া ১৫ বলে ৪২ রানের ইনিংস খেলার পথে ৩টি বাউন্ডারি হাঁকান হার্দিক। এর মাধ্যমে তিনি ৪০০ বাউন্ডারির মাইফলক স্পর্শ করেছেন।
অন্যদিকে ক্রুনাল পান্ডিয়া মুম্বাইয়ের বিপক্ষে এই ম্যাচে ৪ উইকেট শিকার করে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক পেরিয়ে গেছেন। ২১১ ম্যাচের ১৯৯টি ইনিংসে তার উইকেটসংখ্যা এখন ১৫২টি। উল্লেখ্য, গতকাল আগে ব্যাট করে ২২১ রানের বিশাল সংগ্রহ গড়েছিল বেঙ্গালুরু। ম্যাচটি তারা জিতে নেয় ১২ রানে।ৃ