মুন্সীগঞ্জে সরকারি বই বোঝাই পিকআপ আটকালো শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট অ্যান্ড কলেজ ফটকে একটি পিকআপ ভ্যান বোঝাই সরকারি বই আটক করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামের স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট অ্যান্ড কলেজ ফটকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ওই বই গুলো শিক্ষা প্রতিষ্ঠানের ফেরত নেওয়া হয়। 

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি পিকআপ ত্রিপাল মোড়ানো অবস্থায় বের হচ্ছিলো। এসময় সন্দেহ হলে ওই পিকআপ আটকে ত্রিপল সরানো হলে বিপুল সংখ্যক সরকারি বই দেখতে পান। পরে পিকআপে থাকা লোকজন দ্রুত সেখান থেকে সটকে পড়েন। 

স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন জানান, দু’দিন পরই এসএসসি পরীক্ষা। তাই কক্ষ পরিস্কার করার জন্য ভেতর থাকা পুরাতন বই বাইরে আনা হয়। এরপর ওই বই কে বা কারা পিকআপ ভ্যানে বোঝাই করে নিয়ে যাচ্ছিলো। এমন সময় শিক্ষার্থীরা বই বোঝাই পিকআপ আটকে ক্যাম্পাসে নিয়ে আসে। পরবর্তীতে জানা গেছে এ ঘটনার সঙ্গে ২ জন শিক্ষক জড়িত রয়েছেন। বর্তমানে বই গুলো শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর রাখা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রদ্বীপ পাল জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জানতে পেরেছেন বই গুলো বিক্রির উদ্দেশ্যে পিকআপে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিলো। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, ‘সরকারি বই বিক্রির এখতিয়ার কারো নেই। এ ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’