পুকুরে বিষ দিয়ে মাছ নিধন হ্যাচারিতে ভাঙচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা গ্রামের মৎস্যচাষি শাহজালাল মিয়ার পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, হ্যাচারি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। তাতে রুই, কাতলা, তেলাপিয়া, চাইনিজ পুঁটি ও বিভিন্ন ধরনের মাছের রেণুসহ প্রায় ১০ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে বলে শাহজালাল মিয়া দাবি করেছেন। 

পুলিশ জানায়, ১৪-১৫ বছর ধরে শাহজালাল মিয়া পুকুরে মাছ চাষ করে আসছেন। কয়েক বছর ধরে পুকুরের জমি নিয়ে একই এলাকার মোকলেছুর রহমানের সঙ্গে শাহজালাল মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দিয়ে হ্যাচারি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় প্রতিবেশী রমজান হোসেন ও জুয়েল মিয়া দুর্বৃত্তদের চিনে ফেলে। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের  লোকজন ছুটে এলে মোকলেছুর রহমান ও তার সহযোগীরা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।